নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠানের আয়োজন
রিপোর্ট: নারায়ণগঞ্জ বাংলা নিউজ
সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি বুধবারের ন্যায় আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দিন দিন এই গণশুনানি ভুক্তভোগী মানুষের আস্থার স্থানে পরিণত হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ, নামজারি জটিলতা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রাপ্তি, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।
এ সময় জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, গণশুনানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সাথে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন।
সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোনো মানুষ যেন সেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা হবে।
এ সময় উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
