প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ইং || প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ইং

ইতালির শহর ভেনিসে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম দৌড় প্রতিযোগিতা

সংগৃহীত
ছবির ক্যাপশন: সংগৃহীত
ইতালির শহর ভেনিসে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম দৌড় প্রতিযোগিতা 

রিপোর্ট:আন্তর্জাতিক ডেস্ক 

ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা ৪০তম ভেনিস ম্যারাথন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজারো পেশাদার ও অপেশাদার অ্যাথলেটের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে ঐতিহাসিক এই নগরী।

মনোমুগ্ধকর স্থাপত্য, খাল, সেতু আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধনে আয়োজিত এই ম্যারাথনে ছিল ক্রীড়ার পাশাপাশি ভেনিসের সৌন্দর্য উপভোগের সুযোগ।
ইতিহাস, ঐতিহ্য আর নৈসর্গিক সৌন্দর্যের শহর ইতালির ভেনিস। আর সেই শহরেই বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ৪০তম ভেনিস ম্যারাথন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দৌড়বিদের অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় আন্তর্জাতিক ক্রীড়া উৎসবে।

ঐতিহ্যবাহী ভিলা পিসানি থেকে শুরু হয় ম্যারাথনের মূল ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের দৌড়। রিভিয়েরা দেল ব্রেন্তার মনোরম প্রাকৃতিক পরিবেশ ও ঐতিহাসিক ভিলাগুলোর পাশ দিয়ে এগিয়ে যান প্রতিযোগীরা।

এরপর মেস্ত্রে শহর পেরিয়ে প্রায় চার কিলোমিটার দীর্ঘ পন্তে দেল্লা লিবার্তা বা ফ্রিডম ব্রিজ অতিক্রম করে তাঁরা প্রবেশ করেন ভেনিসের ঐতিহাসিক দ্বীপাঞ্চলে।

ম্যারাথনের শেষ পর্বে ছিল আরও এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা। গ্র্যান্ড ক্যানালের ওপর নির্মিত অস্থায়ী ভাসমান সেতু পেরিয়ে দৌড়বিদেরা পৌঁছান বিখ্যাত পিয়াজা সান মার্কো এলাকায়। এরপর ঐতিহাসিক নগরীর মনোরম পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে রিভা দেগলি শিয়াভোনি এলাকায় শেষ হয় তাঁদের দীর্ঘ পথচলা।
দৌড়বিদদের দৃঢ় সংকল্প, অধ্যবসায় আর জয়ের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উচ্ছ্বাস প্রতিযোগিদের দেয় বাড়তি প্রাণ।

১৯৮৬ সালে যাত্রা শুরু করা ভেনিস ম্যারাথন চার দশকের পথচলায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অর্জন করেছে বিশেষ পরিচিতি। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি ভেনিসের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন।
নিউজটি আপডেট করেছেন : মোঃ জামিল হোসেন
Developed by WebMks.com